
নিজস্ব প্রতিবেদক | কথা২৪
প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থী মো. সাকিব আল হাসান। রোববার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত সাকিব আল হাসান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামে। পড়াশোনার প্রয়োজনে তিনি ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় বসবাস করতেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাকিবের অকাল মৃত্যুতে তার সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. ফজলুল হক গভীর শোক প্রকাশ করে বলেন, "সাকিব আমার অত্যন্ত প্রিয় শিক্ষার্থী ছিল। তার এই আকস্মিক মৃত্যু মেনে নেওয়া খুব কঠিন। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি।"
বিভাগীয় প্রধান আরও জানান, আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মসজিদে সাকিবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রাজধানীর সড়কগুলোতে ক্রমবর্ধমান দুর্ঘটনা রোধে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন সাকিবের সহপাঠীরা।
কথা২৪/নিউজ/২০২৬
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।